প্রিন্ট এর তারিখঃ Aug 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2026 ইং
শরীয়তপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত: পালিয়ে গেল চালক

মাহাবুব তালুকদার, শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দ্রুতগতির অ্যাম্বুলেন্সের ধাক্কায় হযরত আলী ছৈয়াল (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে শরীয়তপুর-নড়িয়া সড়কের চান্দনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হযরত আলী ছৈয়াল নড়িয়া উপজেলার চান্দনী এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ শেষে হযরত আলী ছৈয়াল শরীয়তপুর-নড়িয়া সড়কের পাশে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অ্যাম্বুলেন্স তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নড়িয়া থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত অ্যাম্বুলেন্সটি শনাক্ত এবং এর চালককে আটকের চেষ্টা চলছে।
নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিমউদ্দীন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স ও চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।